সিলেটের দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক স্কুলে বই বিতরণ উৎসবে হামলার মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো রবিবার (৩১ ডিসেম্বর) এ নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী আইয়ুব আলী এ কথা জানিয়েছেন।
মামলাটি তদন্ত প্রতিবেদনে কোন আসামি শনাক্ত না হওয়ায় কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা এসআই ফায়াজ উদ্দিন ফয়েজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সিলেট মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতের বেঞ্চ সহকারী আইয়ুব আলী জানান, সিলেটের দুর্গাকুমার পাঠশালায় বই বিতরণ উৎসবে হামলার মামলায় তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র আদালত অগ্রাহ্য করে মামলাটি পিবিআই’কে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, এক বছর আগের জনস্বার্থে মামলা হয়েছিল। এরপর তদন্ত কর্মকর্তাকে বারবার তাগিদ দেওয়ার পরও তিনি এক বছর কোনও তদন্ত না করেই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তদন্ত কর্মকর্তা এসআই ফায়েজ উদ্দিন ফয়েজ গত ১৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিলম্ব হওয়ার কোনও ব্যাখ্যাও তিনি আদালতে দাখিল করেন নাই। এমনকি মামলার এজহারে উল্লেখযোগ্য স্বাক্ষীদের সাক্ষ্য গ্রহণ না করে শুধু পাঠশালা বিদ্যালয়ের দু’জন শিক্ষকরা স্বাক্ষ্য গ্রহণ করেন।
প্রসঙ্গত, আগে গত ১০ ডিসেম্বর বাংলা ট্রিবিউনে ‘বই বিতরণ উৎসবে হামলা: ১১ মাসেও মামলার অগ্রগতি নেই’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র গত বছরের ১৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করলেও আদালত তা আমলে না নিয়ে পর্যালোচনার জন্য রাখেন।
আদালতে অভিযোগপত্র দাখিল করার পর কোন আসামি শনাক্ত না হওয়া নিয়ে গত বছরের ২৭ ডিসেম্বর ‘দুর্গাকুমার পাঠশালায় হামলা, একবছর পর মামলার অভিযোগপত্র দাখিল’ বাংলা ট্রিবিউন’এ আরেকটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি আদালতের নজরে আসে।