চা শ্রমিকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজারমৌলভীবাজারের কমলগঞ্জে মনু পাশা (২৮) নামে এক চা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ২ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ব্যক্তি মালিকানাধীন শ্রী গোবিন্দপুর চা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মনু পাশা ওই চা বাগানের রামাকান্ত পাশার ছেলে।

কমলগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক আবুল কালাম জানান, চা শ্রমিকরা প্রতিদিন সকালে কাজে বের হয়। মঙ্গলবার সকালে সবাই কাজে গিয়ে মনুকে না দেখে তাকে খোঁজাখুঁজি করে। পরে নিজ বাসায় তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।