কিশোরগঞ্জে কাউন্সিলরের হুমকিতে পল্লী বিদ্যুতের কাজ বন্ধ

কিশোরগঞ্জকিশোরগঞ্জের হোসেনপুরে পল্লী বিদ্যুতের লোকজনকে মারধর করে খুঁটি স্থাপনের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে চলমান উপজেলার শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় আনার প্রকল্পের এ কাজ আপাত বন্ধ রয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) এ ঘটনা ঘটে। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  রবিবার দুপুরে হোসেনপুর পৌরসভার ঢেকিয়া এলাকায় ঠিকাদারের শ্রমিকরা পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপন করতে যায়। এসময় স্থানীয় কাউন্সিলর মাসুদ লোকজন নিয়ে কাজ বন্ধ করার কথা বলেন। কাজ বন্ধ না করায় ‘মেসার্স কে বি প্রকৌশলী’র ঠিকাদারের প্রতিনিধি চেঙ্গিস চৌধুরীকে ধরে নিয়ে একটি মাঠে আটকে রেখে মারধর করেন তারা।  তারপর থেকেই বন্ধ রয়েছে খুঁটি স্থাপনের কাজ।

কে বি প্রকৌশলী’র একজন প্রতিনিধি সৈয়দ সাজেদুল করিম শাওন বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘গত বছর থেকে আমাদের প্রতিষ্ঠান হোসেনপুরের সাবস্টেশন থেকে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া পর্যন্ত ১১ কেভি লাইনের কাজটি হাতে নেয়। রবিবার আমাদের লোকজন খুঁটি বসাতে গেলে স্থানীয় কাউন্সিলর মাসুদ দলবল নিয়ে কাজ বন্ধ করতে চাপ প্রয়োগ করেন। পরে আমাদের লোকজনকে আটকে রেখে মারধর করা হয়। আমি খবর পেয়ে পুলিশে জানালে হোসেনপুর থানার কয়েকজন পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।’

পল্লী বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী অসিত কুমার ভৌমিক জানান, শতভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে হোসেনপুর উপজেলায় সাত কোটি টাকা ব্যয়ে একটি ১০ এমবিএ ক্ষমতা সম্পন্ন সাবস্টেশন তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।  খুঁটি স্থাপনে বাধা দেওয়ায় গতকাল থেকে কাজটি বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

অভিযোগ অস্বীকার করে স্থানীয় কাউন্সিলর মাসুদ বলেন, ‘স্থানীয় লোকজন কাজে বাধা দিয়েছে। আমি শুধু লোকজনের সঙ্গে গিয়েছিলাম।’

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, ‘ খুঁটি বসানো নিয়ে স্থানীয় কাউন্সিলরের সঙ্গে ঠিকাদারের লোকজনের ঝামেলা হয়েছে। তবে এ ব্যাপারে এখনও লিখিত কোনও অভিযোগ পাইনি। ’