কাউখালীতে পণ্যবাহী ট্রলার ডুবে এক শ্রমিকের মৃত্যু

ট্রলার ডুবিপিরোজপুরের কাউখালীতে পণ্যবাহী ট্রলার ডুবির ঘটনায় বেল্লাল হোসেন (১৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত বেল্লাল পিরোজপুর সদর উপজেলার শারিকতলা গ্রামের ইউনুছ খলিফার ছেলে। কাউখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

কাউখালী উপজেলার আমরাজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামসুদ্দোহা চাঁদ জানান,  বুধবার (৩১ জানুয়ারি) বিকালে এম ভি মায়ের দোয়া নামে একটি পণ্যবাহী ট্রলার ঝালকাঠি  থেকে মাল বোঝাই করে পিরোজপুরের উদ্দেশে রওনা দেয়। গাবখান  চ্যানেলে পৌঁছানোর পর ট্রলারের সুকান ছিঁড়ে যায়। এ সময়  ট্রলারে থাকা শ্রমিকরা অন্য একটি ট্রলারের সাহায্যে তাদের বিকল ট্রলারটি টেনে কাউখালীর সন্ধ্যা নদীর তীরবর্তী কুমিয়ান গ্রামের একটি বালির গোলার পাশে নোঙ্গর করে। ভোর রাতে হঠাৎ করে ট্রলারটি ডুবতে শুরু করলে ট্রলারে থাকা তিন জনের মধ্যে দুই জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। এসময় শ্রমিক বেল্লাল ট্রলারের ভেতরে আটকা পড়ে নদীতে ডুবে যায়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আমরাজুড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন সন্ধ্যা নদী থেকে ডুবুবিরা তল্লাশি চালিয়ে ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে বেল্লালের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান জানান- ডুবে যাওয়া ট্রলারে বোঝাইকৃত আটা, ময়দা, খৈল, ভোজ্য তৈল ও মুদি দোকানের মালপত্র ছিল। যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।

কাউখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মনিরুজ্জামান জানান, ‘নিঁখোজ শ্রমিকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পণ্যসহ ডুবে যাওয়া ট্রলারটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।’