বরিশালে বইপড়া কার্যক্রমের পুরস্কার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

বরিশালে বইপড়া কার্যক্রমে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

উৎকর্ষ সাধন কার্যক্রমের আওতায় বরিশাল মহানগরে স্কুল পর্যায়ে বইপড়া কার্যক্রম-২০১৭ শিক্ষাবর্ষের পুরস্কার বিতরণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় সারাবছর বই পড়েছে এমন ৩৩টি প্রতিষ্ঠানের এক হাজার ৮১২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে গ্রামীণফোন লিমিটেড সহযোগিতায় এ পুরস্কার বিতরণী উৎসবে অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের শুভানুধ্যায়ী অবসরপ্রাপ্ত অধ্যাপক বেগম সাইদুননেছা লাইলা, জেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, বিশিষ্ট অভিনেতা, লেখক ও অনুবাদক খায়রুল আলম সবুজ, এভারেস্টজয়ী এমএ মুহিত, ব্যাপ্টিস্ট মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরী সূর্য্যানী সমাদ্দার, বরিশালে গ্রামীণফোনের হেড অব মার্কেটিং দ্বীপেশ কুমার দাশ এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক ও উপ-সচিব শরিফ মো. মাসুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম পরিচালক (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।

গ্রামীণফোনের কর্মকর্তা দ্বীপেশ কুমার দাশ বলেন, বর্তমান ইন্টারনেটের যুগেও বইয়ের অবদান কম নয়। তাই সকলের জন্য দারুণ দারুণ সব বইয়ের একটি ই-লাইব্রেরি তৈরি করেছে গ্রামীণফোন এবং বিশ্বসাহিত্য কেন্দ্র। আগ্রহী পাঠকরা http://www.alorpathshala.org ঠিকানায় তাদের পছন্দের বই পড়তে পারবেন।