শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষক বিশিষ্ট লেখক ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে সোমবার দুই ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি। আজ রবিবার (৪ মার্চ) শিক্ষক সমিতির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই বৈঠক থেকে বেরিয়ে শাবি শিক্ষক সমিতির সাবেক সদস্য মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।
পরে শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমেদ জানান, সিদ্ধান্ত অনুযায়ী ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ক্লাস নেবেন না শিক্ষকরা। এসময় তারা প্রশাসনিক ভবন-২ এ প্রতীকী অবস্থান নেবেন এবং কালো ব্যাচ ধারণ করবেন। এতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষককে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।