ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব বাসন্তি পূজা অনুষ্ঠিত হচ্ছে। দশভূজা দেবী বাসন্তি মায়ের পূজা উপলক্ষে আনন্দে মাতোয়ারা হিন্দু সম্প্রদায়ের সব বয়সী মানুষ। আজ শনিবার (২৪ মার্চ) বাসন্তী পূজার মহাসপ্তমী। সপ্তামীতে মন্দিরে মন্দিরে দেবীকে পঞ্চ উপাচার, ষোড়শ উপাচারসহ বিভিন্ন উপাচারে পূজা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার উদয়ন যুব সংঘ মন্দিরের পুরোহিত বিপ্লব চক্রবর্তী জানান, ত্রেতা যুগে রাবণকে বধ করার জন্য রাম শরৎকালে দেবী দুর্গাকে নানা উপাচারে পূজা করেছিলেন বলে তাকে বলা হয় শারদীয় দুর্গোৎসব। অন্যদিকে রাজা সুরথ রাজ্য ফিরে পাওয়ার আশায় বসন্তকালে দেবী দুর্গাকে নানা উপাচারে পূজা করেছিলেন। তাই এই পূজাকে বাসন্তি পূজা হিসেবে আখ্যায়িত করা হয়। আগামী মঙ্গলবার দশমীবিহীত পূজার মধ্যদিয়ে শেষ হবে বাসন্তী পূজার মূল আনষ্ঠানিকতা।