নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান, আটক ৩

নোয়াখালী

নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালিয়ে নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এ সময় কারখানার মালিকসহ দুই কর্মচারীকে আটক করা হয়েছে।

বুধবার (৪ এপ্রিল) র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার (এএসপি) নরেশ চাকমা এসব তথ্য জানিয়েছেন। 

জানা যায়, বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে অভিযান চলাকালে ভেজাল ওষুধ তৈরির যন্ত্রপাতিসহ প্রায় কোটি টাকার নকল ওষুধ ও কাঁচামাল জব্দ করা হয়। এ সময় কারখানার মালিক আক্তার হোসেন ও দুই কর্মচারীকে আটক করা হয়।

র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার (এএসপি) নরেশ চাকমা জানান, গত বছরের অক্টোবরে অভিযান চালিয়ে এ কারখানার ম্যানেজারসহ ৬ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত এবং সে সময় কারখানাটিকে সিলগালা করা হয়। কিন্তু তারা কিছুদিন পরই পেছনের দরজা কেটে ভেতরে ঢুকে আবারও ভেজাল ওষুধ তৈরি শুরু ও বাজারজাত করে। গোপন সংবাদ পেয়ে পুনরায় কারখানাটিতে আজ অভিযান চালিয়ে ভেজাল ওষুধ, ওষুধ তৈরির যন্ত্রপাতিসহ প্রায় কোটি টাকার মালামাল জব্দ করা হয়।