মনোনয়ন না পেলেও ধানের শীষের পক্ষে কাজ করবেন মনি

মোহাম্মদ মনিরুজ্জামান মনি

খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) মেয়র পদে বিএনপির মনোনয়ন না পেলেও ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বর্তমান মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনি। মেয়র পদে নির্বাচনের জন্য বিএনপি থেকে মনোনয়ন না পাওয়া বিএনপির এ নেতা আরও জানান, দলের সিদ্ধান্ত নিয়ে তার কোনও আপত্তি নেই। মেয়াদ শেষে তিনি এবার বরং জেলা বিএনপির হাল ধরবেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকালে বাংলা ট্রিবিউনকে তিনি এসব কথা জানান।

মোহাম্মদ মনিরুজ্জামান মনি বলেন, ‘আমি নিজেকে বিএনপির নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ বলে মনে করি। বিএনপির আদর্শ ও লক্ষ্যকে আমি লালন করি। দল আমার প্রত্যাশা পূরণ করেছে বলেই আমি আজ মেয়র। দল এবার আমাকে নয়; নজরুল ইসলাম মঞ্জুকে মনোনয়ন দিয়েছে। এ সিদ্ধান্ত আমি মাথা পেতে নিয়েছি। মেয়াদ শেষে আমি এবার দলের হয়ে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবো। সবটুকু সময় দলের জন্য ব্যয় করতে পারবো।’

কেসিসি নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনিরুজ্জামান মনি তফসিল ঘোষণার পরই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরপর দলের জেলা পর্যায়ের বৈঠকে তাকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে সবাই মত দেন। এরপর তাকে মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়। ৮ এপ্রিল ঢাকায় দলীয় মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারেও উপস্থিত হন মনিরুজ্জামান মনি। সেখানে তিনি তার বক্তব্য উপস্থাপন করেন। তবে শেষমেশ বিএনপি মেয়র পদে নতুন প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে মেয়র পদে বিএনপি থেকে প্রার্থী হওয়ার দৌড় থেকে তিনি ছিটকে পড়েন।

২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত কেসিসির নির্বাচনে বিএনপি সমর্থিত ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের প্রার্থী মনিরুজ্জামান মনি আনারস মার্কায় একলাখ ৮১ হাজার ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী তালুকদার আব্দুল খালেক পান একলাখ ২০ হাজার ৫৮ ভোট। ওই নির্বাচনে ভোটার ছিল ৪ লাখ ৪০ হাজার ৫৬৬ জন। আসন্ন নির্বাচনে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন।