ফরিদপুরে জোড়া খুন: আসামি শহিদুল তিন দিনের রিমান্ডে

ফারুক হাসান ও সাজিয়া বেগম

ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকায় জোড়া খুনের ঘটনায় গ্রেফতার হওয়া আসামি শহিদুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ফরিদপুর ১নং আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ আলী রিমান্ড মঞ্জুর করেন। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম এ খবর নিশ্চিত করেন।

ওসি এ এফ এম নাসিম জানান, শহিদুল ইসলামকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও দাবি করেন, ‘আমরা (পুলিশ) নিশ্চিত, পরকীয়া সম্পর্কের জেরেই তৃতীয় কেউ এই খুন করেছে। আমরা আশা করছি, জিজ্ঞাসাবাদে আসামি শহিদুল গুরুত্বপূর্ণ তথ্য দেবে।’

শহিদুল ইসলাম ও তার স্ত্রী সাজিয়া বেগম

রবিবার (৬ মে) দিনগত রাত ১১টায় ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকায় একই ফ্ল্যাট থেকে ব্যাংক কর্মকর্তা ফারুক হাসান ও কলেজ শিক্ষিকা সাজিয়া বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গত সোমবার রাতে সাজিয়া বেগমের ফুপু আফসারী বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে মামলা দায়ের করেন। তবে এর আগে এদিন সকালে পুলিশ সাজিয়ার স্বামী শহিদুলকে জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি থানায় আনলেও পরে তাকে গ্রেফতার দেখায়।

আরও পড়ুন-

ফরিদপুরে জোড়া খুন: পুলিশের সন্দেহ পরকীয়া

ফরিদপুরে একটি বাসা থেকে ব্যাংক কর্মকর্তা ও শিক্ষিকার লাশ উদ্ধার