ওভারপাস নির্মাণের পরও দুর্ভোগ কাটেনি শাসনগাছার

শাসনগাছায় রেলওয়ে ওভারপাসের নিচের দৃশ্যযানজট নিরসনে কুমিল্লার শাসনগাছা এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হলেও দুর্ভোগ কমেনি। ওভারপাসের নিচের সড়কটির পিচ উঠে পানি ও কাদায় মাখামাখি হয়ে আছে। ওভারপাসের পূর্ব-পশ্চিম পাশ দিয়ে যানবাহন চলাচলেরও কোনও ব্যবস্থা নেই।

এছাড়া, বিভিন্ন যাত্রীবাহী বাস ওভারপাসের নিচে সড়কের দুই পাশে যত্রতত্র পার্ক করে রাখার কারণে যানজট ওই এলাকার নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে শাসনগাছা বাস টার্মিনালসহ এশিয়া লাইন ও তিশা পরিবহনের বাসস্ট্যান্ড অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।  

শাসনগাছায় রেলওয়ে ওভারপাসে নিচে এমন এখন যানজট নিত্যদিনেরসরেজমিনে দেখা যায়, কুমিল্লার উত্তর এলাকার মানুষের একমাত্র প্রবেশপথ শাসনগাছা। এখানকার যানজট ছিল নগরের ‘অভিশাপ’। সেই যানজট নিরসনে বহু কাঙ্ক্ষিত রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হয়েছে। ফলে নগরীর রেসকোর্স থেকে অল্পসময়েই শাসনগাছা অতিক্রম করে আলেখচর বিশ্বরোড এবং ক্যান্টেনমেন্ট যাওয়া যাচ্ছে। তবে রেলওয়ে ওভারপাসের নিচে শাসনগাছার অবস্থা একেবারেই নাজুক। নগরীর বাদশামিয়ার বাজার, রেসকোর্স, স্টেশন মার্কেট সড়ক, ধর্মপুর ভিক্টোরিয়া কলেজ রোড সড়ক এবং কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়কে ওভারপাসের নিচ দিয়ে যাতাযাতে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ওভারপাসের দুই পাশ দিয়ে যানবাহন চলাচলের কোনও সুব্যবস্থা নেই। একটি গাড়ি অতিক্রম করতে আরেকটি গাড়ির পেছনে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়। সেই রাস্তাটিতেও ইট পাথর সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘ চার বছর ধরে সংস্কার হয়নি সড়কটি। ইট, পাথর ও পিচ উঠে পানি ও কাদায় মাখামাখি হয়ে ওভারপাসের নিচের সড়ক এবড়ো-থেবড়ো হয়ে আছে।

২০১৫ সালের মে মাসে রেলক্রসিংয়ের যানজট নিরসনে ওভারপাস নির্মাণের কাজ শুরু হয়। যা শেষ হয় গত ফেব্রুয়ারিতে।

স্থানীয় বাসিন্দা মো. ফয়েজ বলেন, রেলওয়ে ওভারপাস নির্মাণে দূরদূরান্তে যাতায়াত সহজ হয়েছে। তবে জনদুর্ভোগ বেড়েছে ওভারপাসের নিচে। সড়কের দুইপাশে যত্রতত্র বাস পার্কিং ও সড়ক গর্তে ভরে থাকায় ওভারপাসের পূর্ব ও পশ্চিম পাশ দিয়ে যাতায়াতের ভালো কোনও পথ নেই। এতে পথচারী ও যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

স্থানীয় ব্যবসায়ী মো. মোহন বলেন, ‘সড়কের অবস্থা খারাপ হওয়ায় যাতায়াতে সমস্যা হচ্ছে। এতে বেচাবিক্রি কম হচ্ছে। চার বছর ধরে সমস্যায় আছি। এখনও সমস্যা কাটল না।’

কুমিল্লার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হায়দার বলেন, ‘ভূমি অধিগ্রহণ এবং ড্রেন সংস্কারের কারণে আমরা সড়ক সংস্কারের কাজ শুরু করতে পারছি না। তবে ওভারপাসের নিচের সড়কটি জুনের মধ্যে সংস্কার করার চেষ্টা করবো।’