গাছের সঙ্গে অটোরিকশার ধাক্কা, কলেজ শিক্ষক নিহত

নোয়াখালী

নোয়াখালীতে সুবর্ণচরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা গাছের সঙ্গে ধাক্কা খাওয়ায় মো. সোলেমান (৩২) নামে একজন কলেজ শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। শুক্রবার (৮ জুন) বিকাল ৫টায় উপজেলার ওয়াপদা ইউনিয়নের সোনাপুর-সুবর্ণচর সড়কের আল আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুবর্ণচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন এ খবর নিশ্চিত করেন।

নিহত মো. সোলেমান ব্যবসায়ী পীর বক্সের একমাত্র ছেলে। তিনি উপজেলার ডেসটিনি কলেজের সমাজ বিজ্ঞান বিষয়ের প্রভাষক ও উপজেলা যুবলীগের সদস্য। আহত তিন জন হলেন সোলেমানের বোন, ভগ্নিপতি ও ভাগিনা।

ডেসটিনি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক রুপম চক্রবর্তী জানান, চিকিৎসককে দেখানোর জন্য ভাগিনাকে নিয়ে সুবর্ণচর থেকে নোয়াখালীতে যান মো. সোলেমান। এসময় তার সঙ্গে ছিলেন বোন ও ভগ্নিপতি। ডাক্তার দেখানোর পর তারা ঈদের কেনাকাটা করে সিএনজিচালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। পথে সোনাপুর-সুবর্ণচর সড়কের আল আমিন বাজার এলাকায় পৌঁছালে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সিএনজিচালিত অটোরিকশা রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে সোলেমান, তার বোন, ভগ্নিপতি ও ভাগিনা আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোলেমানকে মৃত ঘোষণা করেন। আহত বাকি তিন জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ওসি মো. নিজাম উদ্দিন বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়েছে। তবে ড্রাইভার পালিয়ে গেছে।’