ইফতার মাহফিল থেকে বের হওয়ার সময় ধাক্কাধাক্কির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লা ও শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় লিমন আল স্বাধীনের এক সমর্থকের গুলিতে মাসুম বিল্লার চাচাতো ভাই ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জাহিদুল ইসলাম শান্ত আহত হন। শনিবার (৯ জুন) সন্ধ্যায় শহরের মেড্ডা সার গোদাম এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল কবীর এ খবর নিশ্চিত করেন।
গুলিবিদ্ধ জাহিদুল ইসলাম শান্তের অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ (শনিবার) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া ট্রাক শ্রমিক গ্রুপের ইফতার মাহফিল ছিল। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রধান অতিথি ছিলেন। ইফতার মাহফিল শেষ হওয়ার পর বের হওয়ার সময় ধাক্কাধাক্কির ঘটনাকে কেন্দ্র করে লিমন আল স্বাধীন ও মাসুম বিল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর একপর্যায়ে লিমন আল স্বাধীনের এক সমর্থক গুলি ছুড়লে জাহিদুল ইসলাম শান্ত আহত হন।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ বলেন, ‘কোনও কিছু বুঝে উঠার আগেই জুনিয়রদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর একপর্যায়ে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে জাহিদুল ইসলাম শান্ত আহত হন।’
এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক ফয়জুর রহমান ফয়েজ বলেন, ‘তার (জাহিদুল ইসলাম শান্ত) বুক এবং হাতের নিচে গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক।’
অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল কবীর বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবারও সংঘর্ষ হতে পারে, এই আশঙ্কায় শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’