কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নাইম মালিথা ও জোয়ার আলী নামে দুই ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চিথলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত দুই ব্যক্তি চিথলিয়া গ্রামের স্কুলছাত্র দেব দত্তকে অপহরণ এবং হত্যার সঙ্গে জড়িত।
নিহত নাইম চিথলিয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে এবং জোয়ার আলী একই গ্রামের আক্কাস আলীর ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গত ৯ জুন (শনিবার) সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে অপহৃত হয় দেব দত্ত। এরপর গতকাল ২৫ জুন দুপুরে একই গ্রামের মালিথাপাড়ার নাইমের বাড়ির শৌচাগার থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাইম মালিথা এবং জোয়ার আলীকে আটক করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নাইম এবং জোয়ারকে নিয়ে বাকি আসামিদের ধরতে চিথলিয়া গ্রামে অভিযানে যায় পুলিশ। এ সময় চিথলিয়া ইটভাটার কাছে অজ্ঞাত সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় নাইম এবং জোয়ার গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লাল চাঁদ এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলামসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করেছে।
উল্লেখ্য, সোমবার (২৫ জুন) বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার মিরপুরে অপহরণের ১৭ দিন পর দেব দত্ত (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত দেব দত্ত উপজেলার চিথলিয়া গ্রামের পবিত্র দত্তের ছেলে ও চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।