বেনাপোল বন্দরে ৩৮টি আমদানি পণ্যের স্ক্যানিং বাধ্যতামূলক

বেনোপোল বন্দরে স্থাপিত মোবাইল স্ক্যানার মেশিনবেনাপোল বন্দরে ভারত থেকে আমদানি করা ৩৮টি পণ্যের মোবাইল স্ক্যানিং বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। পণ্য স্ক্যানিংয়ের সময় আমদানিকারক প্রতিষ্ঠানকে নির্দিষ্টহারে অর্থও পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার (২৮ জুন) বিকালে বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ ঘোষণা দেওয়া হয়। চিঠিটি বন্দর, কাস্টমস, সিঅ্যান্ডএফ এজেন্টসহ সব দফতরে আজ শুক্রবারের (২৯ জুন) মধ্যে পাঠানোর নির্দেশ  দেওয়া হয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম ৩৮টি ভারতীয় পণ্যের মোবাইল স্ক্যানের বিষয়টি নিশ্চিত করেছেন। 

কাস্টমস ও বন্দর সূত্রে জানা যায়, চিঠিতে উল্লেখিত পণ্যগুলোর চালানে বেশি অনিয়ম হয়। এছাড়াও এসব পণ্যে মিথ্যা ঘোষণায় শুল্ককর ফাঁকির ঘটনাও ঘটে।  এসব পণ্যে মোবাইল স্ক্যানিং চালুর ফলে পণ্য পাচার রোধ হবে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ‘বেশির ভাগ শিল্প কারখানার জরুরি কাঁচামাল এ বন্দর দিয়ে আমদানি হয়। ব্যবসায়ীরাও চান এসব পণ্য আমদানিতে স্ক্যানিং চালু হোক।  কিন্তু আমাদের আশঙ্কা, এ নিয়মের ফলে বাণিজ্যে ধীরগতি নামতে পারে।’

আরও পড়ুন- পেট্রাপোলে ধর্মঘট প্রত্যাহার, আমদানি-রফতানি শুরু