সরাইলে পানিতে ডুবে যমজ বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ভূইশ্বর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই যমজ বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জুন) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা এ খবর নিশ্চিত করেন।

নিহত দুই জন হলো– ভূইশ্বর গ্রামের জুনায়েদ মিয়ার চার বছর বয়সী যমজ কন্যা আশা আক্তার ও লিসা আক্তার।

অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, দুপুর ২টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করার সময় আশা ও লিসা ডুবে যায়। পরে বিকাল ৪টার দিকে স্থানীয় লোকজন তাদের লাশ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

গোলাম মোস্তফা আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।