হাসান সরকারের অফিসে গিয়ে মিষ্টিমুখ করালেন জাহাঙ্গীর আলম

পরস্পরকে মিষ্টিমুখ করাচ্ছেন হাসান সরকার-জাহাঙ্গীর আলম (ছবি- প্রতিনিধি)

গাজীপুর সিটি নির্বাচনে বিএনপির পরাজিত মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকারের অফিসে গেলেন আওয়ামী লীগের সদ্য-নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম। বুধবার (৪ জুলাই) দুপুরে তিনি হাসান উদ্দিন সরকারের অফিসে যান। এসময় দু’জনের দেখা হতেই তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং একে-অপরকে মিষ্টিমুখ করান।

এসময় জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি দায়িত্ব পালনকালে সবসময় হাসান উদ্দিন সরকারের সঙ্গে পরামর্শ ও তার সহযোগিতা কামনা করবো। সবাই মিলে হাতে হাত ও কাঁধে কাঁধ রেখে নগরীর উন্নয়নে কাজ করবো। সবার সহযোগিতায় একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়তে চাই। সেই নগরীতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবো।’

এর উত্তরে জাহাঙ্গীর আলমের উদ্দেশে হাসান উদ্দিন সরকার বলেন, ‘নির্বাচনের আগে জনগণকে যে ওয়াদা দিয়েছিলেন তা যেন বাস্তবায়ন করা হয়। আপনার সব ভালো কাজে সাধ্যমতো সহযোগিতা করবো।’

তিনি আরও বলেন, ‘গাজীপুর শিক্ষায় পিছিয়ে ছিল। ভাওয়াল রাজার শাসনামলে হিন্দু ছাত্ররা ক্লাসে সামনের সারিতে বসতো। আর মুসলমান ছাত্ররা পিছনে বা মাটিতে চটের মধ্যে বসে লেখাপড়া করতো। গাজীপুরের জনগণকে শিক্ষিত করার জন্য অর্ধ-শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান করেছি। নগরীর সেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি নির্বাচিত মেয়র লক্ষ্য রাখবেন, আশা করি।’ এপর্যায়ে হাসান উদ্দিন সরকার জাহাঙ্গীর আলমের মাথায় হাত রেখে আশির্বাদ করেন।

পাশাপাশি বসে কথা বলছেন হাসান সরকার-জাহাঙ্গীর আলম (ছবি- প্রতিনিধি)

বিএনপির একটি সূত্র জানায়, সদ্য-নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম দেখা করতে আসবেন, এমন খবরে আগে থেকেই নিজের প্রতিষ্ঠিত টঙ্গীর মরহুম আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনে দলীয় নেতাকর্মীদের নিয়ে বসেছিলেন হাসান উদ্দিন সরকার। দুপুরে জাহাঙ্গীর আলম এখানে আসেন। এসময় জাহাঙ্গীর আলমের সঙ্গে নির্বাচিত কয়েকজন কাউন্সিলরও ছিলেন।