বোনের গায়েহলুদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাইয়ের মৃত্যু

গায়েহলুদে বোনের পাশে নিহত শামসুলগাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় বোনের গায়েহলুদ অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলীর ভাতিজা মোয়াজ্জেম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

বোনের নাম শাহনাজ আক্তার রত্না ও ভাই শামসুল আলম। নিহত শামসুল আলম মোয়াজ্জেম হোসেনের একমাত্র ছেলে। তিনি এ বছর শ্রীপুরের বরমী কলেজ থেকে ব্যবস্থাপনা সম্মান বিষয়ে চূড়ান্ত পর্ব পরীক্ষায় অংশ নেন। শনিবার (১৪ জুলাই) গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে তার মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল।

পরিবারের সঙ্গে নীল গেঞ্জিপরা শামসুলবড় বোন শাহনাজ আক্তার রত্না জানান, গায়ে হলুদের আনুষ্ঠানিকতা শেষে তিনি স্টেজে বসেছিলেন। এ সময় তার একমাত্র ভাই শামসুল আলম অতিথিদের জন্য খাবার তৈরির কাজ দেখাশোনা করছিলেন। একপর্যায়ে গায়ে হলুদের স্টেজের পাশ দিয়ে যাওয়ার সময় ল্যান্ড ফ্যানের সঙ্গে ধাক্কা লেগে তিনি বিদ্যুতায়িত হয়ে ফ্যানসহ মাটিতে লুটিয়ে পড়েন।

নিহতের বড় ভগ্নিপতি আরিফুজ্জামান পলাশ বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর বোনসহ অন্যরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। নিহত শামসুল আলম তার বাবা-মায়ের একমাত্র ছেলে। তার বড় দুইজন এবং ছোট এক বোন রয়েছে। শাহনাজ আক্তার রত্মা তার দ্বিতীয় বোন।

আরিফুজ্জামান পলাশ আরও জানান, রত্না শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক। শুক্রবার তার বিয়ের দিন ধার্য ছিল। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের আমন্ত্রণ জানানোসহ প্রায় সকল কার্যক্রম শেষ। শুক্রবার দুপুরে বোনের বিয়ে, অতিথিদের আসার কথা, ঠিক এমন একটা সময়ের আগ মুহূর্তে চিরবিদায় নিলেন শামসুল আলম।