বিএনপির ইশতেহারে উন্নয়ন নেই, আছে আন্দোলনের হুমকি: লিটন

পথসভায় বক্তব্য রাখছেন খায়রুজ্জামান লিটন (ছবি- প্রতিনিধি)

গত মেয়াদে বিএনপির মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল সরকার পতনের আন্দোলনে ব্যস্ত ছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেছেন, ‘গত ৫ বছর রাজশাহীর উন্নয়নের কথা না ভেবে সরকার পতনের আন্দোলনে ব্যস্ত ছিলেন বুলবুল। এবারও তার নির্বাচনি ইশতেহারে উন্নয়ন নেই, আছে আন্দোলনের হুমকি।’

বৃহস্পতিবার (২৬ জুলাই) সকালে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের মালদা কলোনির বউবাজারে এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘২০১৩ সালের নির্বাচনে মানুষ ভুল করে হোক বা আশা নিয়ে হোক বিএনপির প্রার্থীকে মেয়র নির্বাচিত করেছিল। কিন্তু এর ফলে কী হলো? এর ফলে রাজশাহী পিছিয়ে গেলো; কোনও উন্নয়ন হলো না।’

তিনি আরও বলেন, ‘এবারের সিটি করপোরেশন নির্বাচন রাজশাহীবাসীর জন্য অগ্নিপরীক্ষা। কারণ, সঠিক সিদ্ধান্ত না নিলে এবারও উন্নয়ন হবে না।’

খায়রুজ্জামান লিটন বলেন, ‘গত পাঁচ বছর সারাদেশ এগিয়ে গেলো। দেশের উন্নয়ন করে সারাবিশ্বের সুনাম কুড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আমরা সেই উন্নয়নের অংশীদার হতে পারলাম না, পিছিয়ে গেলাম। রাজশাহীর মানুষ আর পিছিয়ে যেতে চায় না, উন্নয়ন চায়। নৌকায় ভোট দিলে উন্নয়ন হবে, কর্মসংস্থান হবে, ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হবে।’

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন– আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।