জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে সরকার: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু (ফাইল ছবি)

সরকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, ‘সরকার স্বাস্থ্যসেবাসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার ব্যাপারে সর্বদা সচেষ্ট। শেখ হাসিনা ক্ষমতায় এসেই ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকগুলো চালু করে স্বাস্থ্যসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছেন।’

শনিবার (১১ আগস্ট) বেলা ১১টায় ঝালকাঠি সদর হাসপাতালে চত্বরে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঝালকাঠি সদর হাসপাতালকে ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করার জন্য ছয়তলার একটি নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী প্রধান অতিথি হিসেবে নতুন ভবন নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন।

আমির হোসেন আমু বলেন, ‘আওয়ামী লীগ আগামীতে ক্ষমতায় আসলে ঝালকাঠি সদর হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে। এ ছাড়া, জেলার প্রতিটি ইউনিয়নে ১০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে।’

সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন– জেলা প্রশাসক মো. হামিদুল হক ও পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।