‘প্রধানমন্ত্রী যাকে নৌকার টিকিট দেবেন, তার পক্ষে কাজ করবেন’

বক্তব্য রাখছেন রেলমন্ত্রী মুজিবুল হক (ছবি- প্রতিনিধি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নৌকার টিকিট দেবেন তার পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আর মাত্র দুই মাস বাকি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যাকে নৌকার টিকেট দেবেন, আপনারা তার পক্ষে কাজ করবেন।’

রবিবার (২ আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রাণীর বাজার হাইস্কুল মাঠে ‘মুজিবুল হক মুজিব ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উন্নয়নের চিত্র তুলে ধরে রেলমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের আমলে রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা-মন্দিরের উন্নয়ন হয়েছে। বিএনপি-জামায়াত কোনও কাজ করেনি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন– চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, পৌরমেয়র মিজানুর রহমান, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন, লাকসাম পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্ল্যাহ কায়েস, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক হোসেন প্রমুখ।