হরিনাকুন্ডুতে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

লাশ উদ্ধারঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার মান্দিয়া এলাকায় ক্যানেলের পাশ থেকে তোয়াজ উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। সে উপজেলার কালাপাড়িয়া আবাসন প্রকল্পের বাসিন্দা ও দরাট মণ্ডলের ছেলে।

হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী জানান, রাতে ক্যানেলের পাশে মাছ ধরছিল তোয়াজ উদ্দিন। সেসময় কে বা কারা তাকে জবাই করে হত্যা করে ফেলে রেখে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের বুকেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

ওসি আরও জানান, একই স্থানে গত তিন বছর আগে সর্বহারা গ্রুপের হক আলী নামক এক ব্যক্তিকে হত্যার পর মাটিতে পুতে রাখা হয়েছিল। সেই ঘটনার মামলার ২ নম্বর আসামি ছিল এই তোয়াজ উদ্দিন। তবে কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য আগামীকাল মঙ্গলবার ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।