কাশিয়ানীতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০, আটক ১২

কাশিয়ানীতে দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে দুপক্ষের মধ্যেগোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে হিঙ্গুল সরদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে সাত পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন। সোমবার (৩ সেপ্টেম্বর) কাশিয়ানীর দক্ষিণ ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ১২ জনকে আটক করা হয়। সংঘর্ষ থামাতে ১৫৭ রাউন্ড গুলি বর্ষণ করে পুলিশ। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার সকালে সংঘর্ষে আহত হিঙ্গুল সরদারকে সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। হিঙ্গুল সরদার কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের ইরফুল সরদারের ছেলে।

দুপক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশকাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে জমি নিয়ে হারুন-অর-রশিদ মোল্যার ও সাইফুল সিকদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে দু’পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫৭ রাউন্ড গুলি বর্ষণ করে।

আজিজুর রহমান জানান, প্রায় ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান ও সাত পুলিশ সদস্যসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। মারাত্মক আহত হিঙ্গুলকে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার আরও অবনতি ঘটলে সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফেরি ঘাটে তার মৃত্যু হয়।

কাশিয়ানীতে দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে দুপক্ষের মধ্যেওসি আরও জানান, কাশিয়ানী থানার ওসি ও সাত পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসার দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।