গাজীপুরে কারখানায় আগুন

প্রতীকী আগুন

গাজীপুর মহানগরের মালেকের-বাড়ি এলাকায় একটি কারখানায় আগুন লেগে টেক্সটাইলের বয়লার মেশিনসহ অন্যান্য যন্ত্রাংশ পুড়ে গেছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শরীফপুর রোড এলাকার ইউনিম্যাক্স টেক্সটাইল লিমিটেডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং ডাম্পিংয়ের কাজ চলছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন জানান, দুপুর সোয়া ১২টার দিকে তারা অগ্নিকাণ্ডের খবর পান। তাদের তিনটি ইউনিট টানা আধাঘণ্টা চেষ্টার পর দুপুর সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে কর্তৃপক্ষ তাদের কারখানায় বয়লার সেটিং করছিলেন। সেটিংয়ের সময় কোনও ত্রুটি থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে বয়লার মেশিনসহ অন্যান্য যন্ত্রাংশের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।