কমলগঞ্জে জলপ্রপাতে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় হামহাম জলপ্রপাতে ডুবে রেজাউল ইসলাম (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান এ খবর নিশ্চিত করেন।

নিহত রেজাউল ইসলাম রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ (শনিবার) সকালে রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাত জনের একটি পর্যটক দল হামহাম জলপ্রপাতে বেড়াতে আসে। রেজাউল ইসলাম এ দলের একজন। সকাল সাড়ে ৯টায় হামহাম জলপ্রপাতের পানিতে নেমে গোসল করতে গেলে পানিতে ডুবে যান রেজাউল। ডুবে যাওয়ার পর দলের অন্যরা অনেক খোঁজাখুজির পর লাশ উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে দায়িত্বরত চিকিৎসক ডা. রেজাউল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘কমলগঞ্জ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মৌলবীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।’