বরিশালে নবজাতক ও নারী স্বাস্থ্য কর্মকর্তার মৃতদেহ উদ্ধার

 

 বরিশাল

বরিশাল নগরীতে রোববার (৩০ সেপ্টেম্বর) এক নবজাতক ও নারী স্বাস্থ্য কর্মকর্তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা বাংলা ট্রিবিউনকে নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার দুপুর আড়াইটার দিকে বরিশাল নগরের পলাশপুর (৮ নম্বর) এলাকার একটি খাল থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহমান মুকুল জানান, বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কের বাসা থেকে স্বাস্থ্য বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মারুফা আক্তারের (৪১) রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের সেকেন্ড অফিসার অরবিন্দ বিশ্বাস জানান, রোববার দুপুর পৌনে দুইটার দিকে ওই সড়কের শরীফ মঞ্জিলের তৃতীয় তলা থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। মারুফা আক্তারের বাসাটি ভিতর থেকে আটকানো ছিল এবং তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহত মারুফা আক্তারের স্বামী জহিরুল হায়দার চৌধুরী ঢাকার একটি এনজিওতে কর্মরত রয়েছেন। মারুফা এই বাসায় ৭ বছর যাবৎ ভাড়া থাকতেন।