খেলাধুলা শিক্ষার্থীদের মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখবে : শিক্ষামন্ত্রী

 

রাজশাহীতে ৪৭তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ও অন্যরা রাজশাহীতে ৪৭তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রবিবার (৩০ সেপ্টেম্বর) থেকে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। চলবে ৪ অক্টোবর পর্যন্ত। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী,প্রতিযোগিতায় এবার জাতীয় পর্যায়ে চারটি ইভেন্টে মোট ৫শ’ ২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।










রবিবার সকালে শিক্ষামন্ত্রী এই প্রতিযোগিতার উদ্বোধনী বক্তৃতায় বলেন, ‘খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেতৃত্বের গুণাবলি বিকাশেও খেলাধুলার অবদান রয়েছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখবে।’
তিনি বলেন, ‘ছেলেদের পাশাপাশি মেয়েরাও ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রশংসীয় সাফল্য অর্জন করায় বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে।’
নতুন প্রজন্মকে ভবিষ্যৎ বাংলাদেশের নির্মাতা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন,‘তাদেরকে পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে হবে। এজন্য পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। জনগণের প্রতি দায়বদ্ধ, দেশপ্রেমে উজ্জীবিত দক্ষ নাগরিক ও ভালো মানুষ হিসেবে তৈরি করতে হবে। নতুন প্রজন্মকে প্রযুক্তিতে দক্ষ, সততা-নিষ্ঠা ও দেশপ্রেমে উজ্জীবিত পরিপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের রুটিন দায়িত্বে নিয়োজিত মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর, রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. নুর-উর-রহমান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.জিয়াউল হক, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান একেএম সায়েফ উল্লাহ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন গ্রুপের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।