তোষামোদ করে কাউকে নির্বাচনে আনবো না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশন ঘোষিত সময়েই নির্বাচন হবে। ওই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারই রাষ্ট্র পরিচালনা করবে। তবে সরকারের আয়তন ছোট হতে পারে। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার।’
বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩দিনের জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘নির্বাচন নিয়ে বিএনপির সাত দফা ও যুক্তফ্রন্টসহ অন্যান্য দলের দাবিগুলো সংবিধান পরিপন্থী। এগুলো গ্রহণ করার প্রশ্নই উঠে না। নির্বাচন হবে সংবিধান অনুসারে এবং নির্বাচন কমিশন ঘোষিত তারিখের মধ্যে। সেই নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আর ক্ষমতাসীন দল কমিশনকে সহায়তা করবে। আমরা আশা করি, সব দল এই নির্বাচনে অংশ নেবে। কেউ যদি নির্বাচনে না আসে, সেটা তাদের ব্যাপার। আমরা গিয়ে তাদের তোষামোদ করে নির্বাচনে আনবো না।’
তিনি আরও বলেন, ‘২০১৪ সালেও নির্বাচন বানচালের চেষ্টা হয়েছে। কিন্তু কেউ নির্বাচন ঠেকাতে পারে নাই। আগামীতেও নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই।’
বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করেছেন। আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ২৬তম বৃহৎ অর্থনৈতিক দেশ হিসেবে পরিচিতি লাভ করবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার। প্রধানমন্ত্রী সে স্বপ্ন বাস্তবায়ন করেছেন।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যদি আর পাঁচ বছর ক্ষমতায় থাকেন, তাহলে বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে একটি গর্বিত দেশ। তাই আগামী নির্বাচনে আবারও প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।’
ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– খাদ্য মন্ত্রণালয়ের সচিব সাহাবুদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– পুলিশ সুপার মো. মোকতার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির প্রমুখ।