ছয় হাজার পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত নারী আটক

যশোরযশোরে ছয় হাজার পিস ইয়াবাসহ বহুল আলোচিত মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামি সুমী বেগমকে (৩৫) আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ অক্টোবর) ভোররাতে যশোর উপ-শহরের ডি ব্লকের ১৩ নম্বর বাসা থেকে তাকে আটক ও মাদক উদ্ধার করা হয়। আটক সুমী ওই এলাকার উজ্জ্বল শেখের স্ত্রী।

উপ-শহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফারুক হোসেন বলেন, ‘মাদকের একটি চালান ভোরে পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুমীর বাড়িতে অভিযান চালায়। ওই সময় বাড়ির ভেতরে একটি পাতিল দিয়ে ঢাকা পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় সুমীকেও আটক করা হয়।’
কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, ‘আটক সুমী এ অঞ্চলের বহুল আলোচিত তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় এক ডজনের অধিক মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। সে সাজাপ্রাপ্ত পলাতক আসামি।’

মাদক উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।