গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশা দুমড়েমুচড়ে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মহানগরের ধীরাশ্রম জিকে আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনে জয়দেবপুর-টঙ্গী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরের হায়দরাবাদ এলাকার মৃত আবুল কাসেম আলীর ছেলে মহিউদ্দিন ওরফে মহর আলী (৪২), একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে জামাল হোসেন (৪৪) এবং অজ্ঞাতপরিচয় এক পুরুষ (৬০)। আহতদের মধ্যে রয়েছেন আব্দুল মোতালেব, আল আমিন ও রুবেল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী থেকে জয়দেবপুরের দিকে যাচ্ছিল ব্যাটারিচালিত অটোরিকশাটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ফরহাদ হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর পাঁচ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিন জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত তিন জনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাক জব্দ করেছে পুলিশ। অটোরিকশার চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’









