দেশের কল্যাণে ইমামদের এগিয়ে আসতে হবে: কেসিসি মেয়র

দেশ ও সমাজের কল্যাণে ইমামদের এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেন। তিনি বলেন, ‘দেশ ও সমাজের কল্যাণে ইমামদের এগিয়ে আসতে হবে। ধর্মীয় শিক্ষা প্রদানের পাশাপাশি মানুষকে সামাজিক কল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ করতে হবে।’


রবিবার (৭ অক্টোবর) দুপুরে খুলনা ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

এসময় মেয়র বলেন, ‘ইমামরা সমাজের সন্মানিত ব্যক্তি। সাধারণ মানুষ তাদের কথা শ্রদ্ধার সঙ্গে শোনেন। ইমামদের সত্য ও ন্যায়ের পথে অটল থেকে নেতিবাচক সমালোচনা সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘সরকার ইমামদের উন্নয়নের জন্য ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন করেছে। প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ তৈরি করার কার্যক্রম শুরু হয়েছে।’ তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আর্থসামাজিক উন্নয়নে সম্পৃক্ত হতে ইমামদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শাহীন বিন জামান। বিশেষ অতিথি ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মো. মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবীর এবং খুলনা মহানগর কৃষক লীগের সভাপতি মো. নুরুজ্জামান। এসময় স্বাগত বক্তৃতা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির মেডিক্যাল অফিসার ডা. আবুল কাশেম মুহাম্মদ মুজতবা। ৯৪৯ তম ইমাম প্রশিক্ষণ দলে খুলনা বিভাগের আটটি এবং ঢাকা বিভাগের দুইটি জেলাসহ মোট ১০ জেলার ১০৩ জন ইমাম অংশগ্রহণ করেন।