ফেনীতে আ.লীগের নির্বাচনি কমিটি গঠন, তফসিল ঘোষণার অপেক্ষায় বিএনপি

ফেনী

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক সভা-সমাবেশের মধ্য দিয়ে ফেনীর তিনটি আসনে  নির্বাচনি কেন্দ্র পরিচালনা কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। গত মাসে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক, তৃণমূলে সভা সমাবেশ  করে সোমবার (৮ অক্টোবর) জেলার তিনটি আসনের কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করা হয়।

 অন্যদিকে তফসিল ঘোষণার পর কেন্দ্র থেকে নির্দেশনা পেলে এসব  কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতারা।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচনি কেন্দ্র কমিটি গঠন কার্যক্রমের মধ্যে দিয়ে ফেনীতে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এসব কমিটিতে আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ-ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয় করা হচ্ছে। কেন্দ্র ভিত্তিক প্রতিটি কমিটিতে ১শ’ থেকে ১৫০ জনকে রাখা হচ্ছে।’

জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক শহীদ খন্দকার জানান, ফেনী-২ (সদর) সংসদীয় এলাকার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে ১২৬টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে ৬৩২টি ভোটকক্ষ রয়েছে। ইতোমধ্যে পৌরসভার ১৮টি ওয়ার্ডের ১৪টি ওয়ার্ডে কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। ১২টি ইউনিয়নে শতভাগ কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। একইভাবে ফেনী-১ ও ফেনী-৩ আসনের সব কয়টি কেন্দ্রে নির্বাচনি কমিটি গঠন করা হয়।

অন্যদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলা হামলাসহ সংগঠনের  কৌশলগত কারণে এখনই কেন্দ্র কমিটি ঘোষণা করা হচ্ছে না। তবে নির্বাচনি তফসিল ঘোষণার পর কেন্দ্র থেকে নির্দেশনা নিয়ে কেন্দ্র কমিটি গঠন করা হবে।’