প্রত্যক্ষদর্শীরা জানান, সদর ইউনিয়নের আরিফাইল গ্রামের এক মহিলার লাশ দাফন করার জন্য নিহতের স্বজনরা আজ বুধবার সকাল ১০টার দিকে ওই কবরস্থানে কবর খুঁড়তে শুরু করেন। এক সময় তাদের কোদালে ধাতব শব্দ হলে আতঙ্কিত হয়ে পড়েন তারা। পরে মাটি কেটে আরও গভীরে যেতে থাকেন। এরপর কাপড়ে মোড়ানো বড় আকারের দুটি অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়।
খবর পেয়ে আশাপাশের কয়েকশ উৎসুক জনতা কবরের ভেতরে সিলিন্ডার দেখতে ভিড় জমান। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিলিন্ডার দুটি উদ্ধার করে তাদের জিম্মায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘এগুলো অক্সিজেন সিলিন্ডার। একেবারে নতুন। সম্ভবত হাসপাতাল বা অন্য কোনও জায়গা থেকে চুরি করে চোরেরা কবরস্থানে লুকিয়ে রেখে গেছে।’