বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নলকূপ শ্রমিকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টকক্সবাজারের মহেশখালীতে নলকূপ বসাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ অক্টোবর) বিকাল ৫টার দিকে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের রাজঘাট সংলগ্ন বিলপাড়ায় এ ঘটনা ঘটে। বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেন মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই)  মো. আমিন।

নিহতরা হলেন– মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ঘোনাপাড়ার মোস্তাক আহমদ (৩৫) ও একই এলাকার কায়সারুল আলম (২২)। তারা দুজনই নলকূপ শ্রমিক।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার বিকালে মাতারবাড়ীর রাজঘাট সংলগ্ন বিলপাড়ার বশির আহমদের বাড়িতে নতুন নলকূপ বসানোর কাজ চলছিল। মোস্তাক আহমদ ও কায়সারুল আলম সেখানে কাজ করার সময় নলকূপের লোহার নল বসাতে গিয়ে পার্শ্ববতী বিদ্যুৎ লাইনের সঙ্গে লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনেই ঘটনাস্থলে মারা যান।’

ঘটনাস্থলে সুরতহাল রিপোর্টের পর লাশ দুটি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।