সাহিত্য-সংস্কৃতি চর্চা বাড়াতে হবে: মেয়র লিটন

জীবনানন্দ কবিতা মেলায় এএইচএম খায়রুজ্জামান লিটন (ছবি– প্রতিনিধি)

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘বিগত সময়ে আমি মেয়র থাকাকালে রাজশাহীতে ১১ দিনব্যাপী জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলাম। পরবর্তী সময়ে আর তেমন কিছু করতে পারিনি। শুধু রাস্তাঘাট আর বড় বড় ভবন করলে শহর এগিয়ে যায় না। শহরকে এগিয়ে নিতে হলে সাহিত্য-সংস্কৃতি চর্চা জরুরি। আমাদের সাহিত্য-সংস্কৃতি চর্চা বাড়াতে হবে।’

শনিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর শাহ মখদুম কলেজ প্রাঙ্গণে রাজশাহী কবিকুঞ্জের উদ্যোগে দুই দিনব্যাপী ‘জীবনানন্দ কবিতা মেলা-২০১৮’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘২০১৩-২০১৮ সাল পর্যন্ত সময়ে আমরা কেবল পিছিয়েই গেছি। শহরে সংস্কৃতি চর্চা না থাকলে মানুষ হয়ে যাবে কৃত্রিম। এই কৃত্রিম মানুষ নিয়ে উন্নয়ন হয় না। সেই কারণেই আমি মনে করি, এই ধরনের চর্চা আরও বাড়াতে হবে। রাজশাহী সিটি করপোরেশনের পৃষ্ঠপোষকতায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সংখ্যা বাড়াতে চাই।’

তিনি আরও বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশনের এরিয়া ছোট। এই ছোট পরিসরেও এখানে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে পুরো বাংলাদেশকে আলোকিত করতে পারি। আপনাদের সঙ্গে নিয়ে আগামী দিনে সেই কাজটি করতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন।’

মেয়র লিটন আরও বলেন, ‘জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী অনেক উন্নয়ন কাজ করছেন। এগুলো যদি আমরা স্থানীয় পর্যায়েও করতে পারি, তাহলে আমরাও এগিয়ে যাবো। আর সেই কাজগুলো আমি করতে চাই।’

সমাপনী দিনে রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. কবি মাহবুবুর রহমান খান বাদশা এবং গাইবান্ধা থেকে প্রকাশিত ছোটকাগজ ‘শব্দ’-এর সম্পাদক কবি সরোজ দেবকে ‘কুবিকুঞ্জ পদক-২০১৮’ প্রদান করা হয়। প্রধান অতিথি মেয়র খায়রুজ্জামান লিটন দুই কবিকে পদক প্রদান করেন।

কবিকুঞ্জের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক সনৎ কুমার সাহা, শাহ মখদুম কলেজের সাবেক অধ্যাপক কবি তছিকুল ইসলাম রাজা, কবি জুলফিকার মতিন, শাহ মখদুম কলেজ অধ্যক্ষ এসএম রেজাউল ইসলাম প্রমুখ।