চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’-ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় জামশেদুল কবির নামে একজনকে আটক করা হয়েছে। রবিবার (২৮ আগস্ট) বিকালের শিফটের পরীক্ষায় ড. ইউনুছ ভবনের ১০৯ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়।
আটক জামশেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা যায়।
বিশ্ববিদ্যালয়েল সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সমাজ বিজ্ঞান অনুষদের ১০৯ নম্বর কক্ষ থেকে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
জানা যায়, ‘ডি’ ইউনিটের বিকালের শিফটের পরীক্ষায় তৌহিদ হোসেন পিয়াল নামের পরীক্ষার্থীর পরীক্ষা দিতে আসেন জামশেদ। পরীক্ষার হলে কর্তব্যরত পরীক্ষকের সন্দেহ হলে তার প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করে। পরে তাকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেয়।
প্রসঙ্গত, রবিবার অনুষ্ঠিত হয় ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এই ইউনিটে ১ হাজার ৯৮টি আসনের বিপরীতে ৪৪ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থী আবেদন করেন। দুই শিফটে অনুষ্ঠিত হওয়া এই পরীক্ষায় অনুপস্থিত ছিল ৬ হাজার ২৯৫ জন।