গোপালগঞ্জে শেখ হাসিনার মনোনয়নপত্র বৈধ, বিএনপির প্রার্থীসহ ৩ জনের বাতিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাগোপালগঞ্জের তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এরমধ্যে গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী এসএম জিলানীসহ তিনটি আসনে মোট ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে।

রবিবার (২ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ-১ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সামছুল আলম খান চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। দাখিল করা ভোটারদের স্বাক্ষর ঠিক না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়। গোপালগঞ্জ-২ আসনে ৫ জন প্রার্থীর সবারই মনোনয়নপত্র বৈধ হয়েছে।

অন্যদিকে, গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। বাতিল হয়েছে বিএনপির প্রার্থী এস এম জিলানী ও জাতীয় পার্টির এজেডএম অপু শেখের মনোনয়নপত্র। যথাযথ কাগজপত্র ও স্বাক্ষর না থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরমধ্যে আওয়ামী লীগের ৩ জন, বিএনপির ৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ৩ জন, জাতীয় পার্টির ২ জন, বাসদের ১ জন, এলডিপির ১ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৩ জন।