আজ শনিবার, ১৫ ডিসেম্বর। খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস। এ উপলক্ষে সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইস উদ্দিন।
পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যেগে শহরে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে এসে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন তারা। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইস উদ্দিন বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হাশেম, সহকারী পুলিশ সুপার মো. রওনক আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও প্রথম পতাকা উত্তোলনকারী হাজী দোস্ত মোহাম্মদ চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য যে, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর গাছবান কুকিছড়ায় পাকিস্তানি বাহিনীকে হাটিয়ে ১৫ ডিসেম্বর খাগড়াছড়িতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। তৎকালীন মুক্তিযুদ্ধের সংগঠক দোস্ত মোহাম্মদ চৌধুরী স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। সারাদেশের মানুষের মতো খাগড়াছড়ির পাহাড়ি-বাঙালি নির্বিশেষে মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল।