প্রবাসীর ঘর পোড়ানো মামলায় এরশাদ শিকদারের সহযোগীসহ গ্রেফতার ৩

২৩

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার পশ্চিম বাগধা গ্রামের প্রবাসী নুর মোহম্মদ মিয়ার ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মামলার তিন জনতে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, এদের মধ্যে আটক সেলিম সরদার পুলিশের তালিকাভুক্ত আসামি। সে উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামের আব্দুল কাদের সরদারের ছেলে। সেলিম খুলনার একসময়কার আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী এবং তারা একইসঙ্গে একাধিক মামলার আসামি।

আটক অন্য দুজন হলো- বেলুহার গ্রামের খাদেম হোসেনের ছেলে ও উপজেলা যুবদলের একাংশের সভাপতি আলী হোসেন ভুইয়া স্বপন ও রাংতা গ্রামের সিদ্দিক আকনের ছেলে জামাত কর্মী মামুন আকন।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন জানান, গত ২২ ডিসেম্বর উপজেলার পশ্চিম বাগধা গ্রামের প্রবাসী নুর মোহম্মদ মিয়ার ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় প্রবাসীর স্ত্রী শান্তনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা দায়ের করেন। রবিবার রাতে ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে ওই তিন জনকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, সেলিম ১৯৯৮ ও ২০১০ সালের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার আসামি ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। এছাড়া এরশাদ সিকদার বেঁচে থাকতে সেলিম তার সহযোগী ছিল। এরশাদ সিকদারের সঙ্গে একাধিক মামলার আসামি থাকায় খুলনা ও আগৈলঝাড়া থেকে একাধিকবার তাকে গ্রেফতার হয়। বর্তমানে সে আগৈলঝাড়ায় বসবাস করছে।