টানা চার দিন বন্ধ থাকার পর দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুর ১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।
হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন, ব্যাংক ক্লোজিং ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২৯ ডিসেম্বর শনিবার থেকে ৩১ ডিসেম্বর সোমবার পর্যন্ত টানা চার দিন হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ ছিল। আজ (মঙ্গলবার) শ্রমিকদের কাজে যোগদানের মধ্যে দিয়ে বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস, বাংলা ট্রাকে পণ্য ভর্তি, ডেলিভারি দেওয়াসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হয়েছে।’
বন্দরের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরও দু-একদিন সময় লাগবে বলে তিনি জানিয়েছেন।