ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শামসুজ্জামান রিকু (৩৫) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার শিবনগর গ্রামের মসলেম উদ্দীনের ছেলে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার শামসুর রহমান এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুলালমুন্দিয়া কওসারের ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্টেশন অফিসার শামসুর রহমান জানান, একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি যশোরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দুলাল মুন্দিয়া কওসারের ইটভাটার নিকট বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী শামসুজ্জামান রিকু ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা পারভেজ ও রকি আহত হন। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত দুজনের বাড়ি একই উপজেলার শিবনগর গ্রামে।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুই জন আহত হয়েছেন। খবর পাওয়ার পর সেখানে থানার এসআই সুজাত আলীকে পাঠানো হয়েছে।’