রংপুর জিলা স্কুলের মাঠে ককটেল বিস্ফোরণ, ২ শিশু আহত

রংপুর

রংপুর জিলা স্কুলের মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই শিশু আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৯ জানুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, স্কুলের মাঠের পশ্চিম দিকে দুই পথশিশু এরশাদুল ও নুর আলম টেপ মোড়ানো দুটি কৌটা পেয়ে তুলে নেয়। নাড়াচাড়া করার সময় বিকট শব্দে বিস্ফোরণ হলে দুই শিশুর হাত-চোখ-মুখ ঝলসে যায়। সেসময় উপস্থিত স্কুলের শিক্ষার্থীরা ও পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে  নেয়।

আহত দুই শিশু জানায়, তারা টেপ মোড়ানো বস্তুতে ককটেল ছিল তা বুঝতে পারেনি।

কোতয়ালী থানার ওসি রেজাউল হক জানান, বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই ককটেল দুটি সেখানে রাখা হয়েছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। তবে ককটেল দুটি খুবই শক্তিশালী ছিল।