বরিশালের আগৈলঝাড়ার পয়সারহাট বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো- জসীম দাড়িয়ার কাপড়ের দোকান, জাহাঙ্গীর সিকদারের টিনের দোকান, আশিক দাড়িয়ার হার্ডওয়ার দোকান, আলিম শেখের মুদি দোকান, সুজন শেখের কসমেটিক্স দোকান, রফিকের টেইলার্স, মিরাজের কাপড়ের দোকান, সেলিম তাজের গ্যাস ও সিলিন্ডারের দোকান।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে মার্কেটের কোনও এক দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মার্কেটে গ্যাস সিলিন্ডারের দোকান থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। একারণে লোকজন আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। খবর পেয়ে গৌরনদী, বরিশাল ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে ৮টি দোকান পুড়ে যায় এবং আরও কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ক্ষতির তালিকা নিরূপণ করা হয়েছে। তাতে ক্ষতির পরিমান ১ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা। ক্ষতির তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারি সহযোগিতার আওতায় আসবে বলেও জানান তিনি।