কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ জানুয়ারি) ভোরে মিনাবাজার এলাকা থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। নিহতরা উপজেলার মিনাবাজার এলাকার বাসিন্দা ফরিদ আলমের ছেলে দেলোয়ার হোসেন রুবেল (২৫) ও সফর আলীর ছেলে মোহাম্মদ রফিক (৩০)।
পুলিশের দাবি, দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির জেরে তারা নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ চার হাজার পিস ইয়াবা, দুটি এলজিসহ ৬ রাউন্ড গুলি উদ্ধারের কথা জানিয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চার হাজার পিস ইয়াবা, দুটি এলজি ও ৬ রাউন্ড গুলিসহ গুলিবিদ্ধ দেলোয়ার ও রফিককে উদ্ধার করে। পরে গুলিবিদ্ধ দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্স মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশের তথ্যানুযায়ী, নিহত রফিক ও দেলোয়ার তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।