ইকসুর দাবিতে ছাত্র ইউনিয়নের স্মারকলিপি

ইসলামী বিশ্ববিদ্যালয়ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠন ও নির্বাচনের দাবিতে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন। শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইকসু গঠন ও নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার মাধ্যমে উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশীদ আসকারীর কাছে স্মারকলিপি দেন সংগঠনটির নেতাকর্মীরা।

স্মারকলিপিতে পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে– অবিলম্বে আইন সংশোধন করে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) নির্বাচন যুক্ত করা, প্রগতিশীল ও স্বাধীনতার পক্ষের ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ গ্রহণ, ছাত্র সংসদ ভবন তৈরির উদ্যোগ ও ক্যাম্পাসে গণতান্ত্রিক রাজনীতির জন্য সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত তিমির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দীর্ঘদিন ধরে ছাত্ররা সুস্থ রাজনৈতিক ধারা থেকে উপেক্ষিত। সুস্থ রাজনীতি ও নেতৃত্ব তৈরির জন্য প্রয়োজন ছাত্র সংসদ। সেজন্য আমাদের বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি আদায়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠন অত্যন্ত জরুরি।’

প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি ইকসু গঠন ও নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী।