‘খালেদা জিয়ার ২৪ ঘণ্টা লুকিয়ে থাকার সঙ্গে পিলখানা হত্যাকাণ্ডের যোগসূত্র আছে কিনা দেখতে হবে’

ফেনীতে ওবায়দুল কাদের‘পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়নি’ বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছেন, তার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘খালেদা জিয়ার ২৪ ঘণ্টা লুকিয়ে থাকার সঙ্গে পিলখানা হত্যাকাণ্ডের কোনও যোগসূত্র আছে কিনা সেটা ভেবে দেখতে হবে। কেন খালেদা জিয়াকে ওই দিন ২৪ ঘণ্টা পালিয়ে লুকিয়ে থাকতে হলো। তার এই লুকিয়ে থাকার সঙ্গে এই হত্যাকাণ্ডের রহস্যের দিকটা  বিএনপির মহাসচিব কেন উন্মোচন করতে চাইছেন না।’

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এই কথা বলেন। এই সময় স্থানীয় সাংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জআমান, পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি যতটা উদ্বিগ্ন, তার চেয়ে বেশি ব্যস্ত রাজনৈতিক রং দেওয়ার জন্য। বেগম জিয়ার শারীরিক অবস্থাকে তারা যেভাবে চিত্রায়িত করেছে, বাস্তবেই কি তিনি শারীরিকভাবে সে অবস্থায় পড়েছেন। কিন্তু বাস্তবতা আমরা দেখেছি। বিএনপি তার শরীর নিয়ে যত না  উদ্বিগ্ন, তার চেয়ে তারা  বেশি রাজনীতি করেছেন তার শারীরিক অবস্থা নিয়ে।’