মানিকগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু

মানিকগঞ্জমানিকগঞ্জের হরিরামপুর উপজেলার খেরুপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফরিদ হোসেন নামে এক কলেজ ছাত্র মারা গেছে। নিহত ফরিদ ঢাকার তিতুমীর কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও শিবালয় উপজেলার জগদিয়া গ্রামের কুপাত আলীর ছেলে। 

হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, শনিবার (২ মার্চ) সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে হরিরামপুর উপজেলার বাল্লা এলাকায় বেড়াতে যায় ফরিদ ও তার চাচাতো ভাই আকাশ। ফেরার পথে দুপুর ১টার দিকে খেরুপাড়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ফরিদ মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ফরিদ মারা যান। গুরুতর আহত অবস্থায় আকাশকে মানিকগঞ্জ জেলা হাসপতালে ভর্তি করা হয়েছে। 

লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।