ত্বকী হত্যার ছয় বছর উপলক্ষে বুধবার (৬ মার্চ) বিকালে শহরের জিমখানা এলাকায় শেখ রাসেল নগর পার্ক মুক্তমঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। মেয়র সরকার ও প্রধানমন্ত্রীর কাছে ত্বকীসহ নারায়ণগঞ্জের সব শিশু-কিশোর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ার হোসেন, তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শওকত আরা হোসেন, বিটিভির পরিচালক মো. জাহিদ, চিত্রশিল্পী অশোক কর্মকার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল সহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় রফিউর রাব্বি বলেন, ‘স্বাধীনতার পর থেকে নারায়ণগঞ্জে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে সবগুলো একটি পরিবারের ইশারায় হয়েছে। ত্বকী হত্যাকাণ্ড তেমনই একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই প্রভাবশালী বিশেষ রাজনৈতিক পরিবার জড়িত থাকার কারনেই ত্বকী হক্যাকাণ্ডের বিচার কাজ থেমে আছে। দীর্ঘ ছয় বছরেও তদন্তকারী সংস্থা র্যাব মামরলাটির অভিযোগপত্র দিচ্ছে না।’ তিনি দ্রুত ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করে হত্যাকাণ্ডে ন্যায়বিচার দাবি করেন সরকারের কাছে।
ত্বকী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আজ বুধবার খেকে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা সহ তিনদিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। আলোচনা সভা শেষে মেয়র আইভী প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এর আগে বুধবার সকালে বন্দর উপজেলার পুরান বন্দর এলাকায় সিরাজ শাহ্’র আস্তানা সংলগ্ন কবরস্থানে ত্বকীর কবর জিয়ারতে অংশ নেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এসময় রফিউর রাব্বিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।