ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন করেছে: শিক্ষামন্ত্রী

ড্যাফোডিল ইউনিভার্সিটির সমাবর্তনে শিক্ষামন্ত্রীজয়-পরাজয় ভুলে ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি আশা প্রকাশ করেছেন, পাশাপাশি থেকে তারা গণতন্ত্রের মূল্যবোধের চর্চা করবে।

বুধবার (১৩ মার্চ) দুপুরে আশুলিয়ার দত্তপাড়া এলাকায় বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অষ্টম সমাবর্তনে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী এসময় আরও বলেন, ‘২৮ বছর পরে হলেও ডাকসু নির্বাচন হওয়ায় আমরা আনন্দিত। আর ডাকসু নির্বাচনের মতো প্রক্রিয়ার মধ্য দিয়েই সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতন্ত্রের চর্চা দেখতে পাবো। এমন কার্যক্রমের মাধ্যমে স্কুল বয়স থেকেই শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্রের মূল্যবোধ জাগিয়ে তুলতে চাই। এছাড়া ডাকসু নির্বাচনে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেটি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই ব্যবস্থা নেবেন।’

সমাবর্তনে ৫ হাজার ৬৩১ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া ১৭ জন গ্র্যাজুয়েটকে স্বর্ণপদক দেওয়া হয়। সমাবর্তনে দেশি বিদেশি কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন।

সমাবর্তনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, থাইল্যান্ডের সিয়াম ইউনিভর্সিটির প্রেসিডেন্ট ড. পর্নচাই মঙ্গখোনভানিত, ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সবুর খাঁন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইউসুফ মাহবুবুল ইসলাম প্রমুখ।