জানা যায়, এনবিআইডিজিপিএস-ওয়ান-এর অধীনে উপজেলার আগতাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের নির্মাণকাজ (২৯ লাখ ২২ হাজার টাকা ব্যয়ে) টেন্ডারের মাধ্যমে পায় আমিন ট্রেডার্স। পরে ২০১৮ সালের ৩ জুন ওই ঠিকাদারি প্রতিষ্ঠাটি ভবনের কাজ শুরু করে। কাজ চলতি মার্চ মাসে শেষ হওয়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোতলা ভবনের এক-তৃতীয়াংশ কাজ শেষ হওয়ার পর চিলেকোঠার ছাদের কাজ শুরু করে নির্মাণ প্রতিষ্ঠান। গত ২২ মার্চ সকালে ভবনের চিলেকোঠার ছাদটি ভেঙে পড়ে। পরে শ্রমিকরা তড়িঘড়ি ভেঙে পড়া ছাদের অংশ সরিয়ে ফেলেন। এ ঘটনার পর নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, ওই ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমিন ট্রেডার্সের কর্ণধার সুমন। তবে সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিষ্ঠানের কেউ নন বলে জানান।
উপজেলা প্রকৌশলী মো. শাহীনুর আলম বলেন, বিদ্যালয়ের চিলেকোঠার ছাদের ঢালাই জমার আগেই এক কোনা ভেঙে পড়েছে। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান সেটি ভেঙে পুনরায় কাজ শুরু করেছে।